গতকাল দিনব্যাপী
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৬৭তম
প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপনের কর্মসূচির সূচনা হয় গত ২৭ মে বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী
ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। দিবসটি
উপলক্ষে বার্ডের লালমাই অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা
সভায় সভাপতিত্ব করেন বার্ডের জ্যেষ্ঠতম পরিচালক আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) আইরীন পারভিনসহ বার্ডের
ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন,
“বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে বার্ড সূতিকাগারের ভূমিকা পালন করেছে।
বার্ডের পরীক্ষামূলক প্রকল্পসমূহ পরবর্তীতে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়ে
দেশের গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
অনুষ্ঠানে বার্ডের
বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী এবং
বিশেষ বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা
করেন উপপরিচালক ফরিদা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে গত বছরে পিআরএল-এ
(অবসরোত্তর ছুটি) গমনকারী কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ
সময় তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে আরও আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পুনর্মিলনী ও
প্রীতিভোজ, মিলাদ মাহফিল এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
