ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে মো. হেলাল (৫০) নামের এক ব্যক্তিকে তিন
মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাঁকে ১০০
টাকা অর্থদণ্ড করা হয়। আজ রোববার (৭ জুন) উপজেলার মানরা এলাকায় এই অভিযান
চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত হেলাল উপজেলার মানরা এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।
থানা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে
ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে
পুলিশের একটি দল মানরা এলাকায় অভিযান চালিয়ে হেলালকে মাদক সেবনরত অবস্থায়
আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। তিনি অপরাধের স্বীকৃতি ও
গুনাগুন বিবেচনা করে মাদকসেবী হেলালকে এই সাজা প্রদান করেন।
‘মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই’:
ভ্রাম্যমাণ
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) তারেক রহমান বলেন,"মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।
তরুণ সমাজ ও পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে এই
ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই।"
ব্রাহ্মণপাড়া থানা
পুলিশ জানায়, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং
অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে
যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
