চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দ্রুতগামী কাভার্ডভ্যানের
ধাক্কায় কাজী জাফর(৩৬) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত কাভার্ডভ্যান চালক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের পিতা জহিরুল ইসলামের
ছেলে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা
ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজিম
উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকাল আনুমানিক
সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে চলন্ত অবস্থায়
কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ন-২০-৬৫৭৫) সামনে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে
স্বজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এবং
চালক কাজী জাফর গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন চালককে উদ্ধার শেষে
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার
হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত চালককে উদ্ধার শেষে
হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক চালক কাজী জাফরকে মৃত ঘোষণা
করেছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে
লাশ হস্তান্তর করা হবে।
