প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ০৮.০৬.২০২৬ ১:৪৭ এএম |
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলকারীদের বহনে ব্যবহৃত তিনটি হাইয়েস মাইক্রোবাস ও দুটি মিনিবাস জব্দ করা হয়। রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকটি গাড়িতে করে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। আকস্মিক এ মিছিলের কারণে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে মিছিলটি বের করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে মিছিলকারীদের ধাওয়া করেন। এতে মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে মাটিয়ারা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করা হয়। একই সময়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বহনকারী তিনটি হাইয়েস মাইক্রোবাস ও দুটি মিনিবাস জব্দ করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে কেউ কোনো মামলার আসামি কি না কিংবা অন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
রোববার রাত ১১টার দিকে ওসি রকিবুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ প্রস্তুতের কাজ চলছে। মামলার এজাহার লিপিবদ্ধ হওয়ার আগে গ্রেপ্তারকৃতদের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা এবং জনমনে উদ্বেগ সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার মাধ্যমে তাদেরকে জেলা হাজতে প্রেরণ করা হবে।