মাঠজুড়ে
দর্শক ঠাসা গ্যালারি, টানটান উত্তেজনা আর করতালির মুখরতা সব মিলিয়ে
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে বসেছিল জমজমাট এক ফুটবল উৎসব।
প্রবাসে থেকেও মাটির টানে দেশের তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে
রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ‘ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ
সংগঠন’। তাদের আয়োজনেই শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে
পর্দা উঠল বহুকাঙ্খিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।
শুক্রবার বিকেলে এক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন
করা হয়। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের
শুভ সূচনা করেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান এবং শাহ
গ্রুপের কর্ণধার কে এম মজিবুল হক।
শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক
মুন্সীর সভাপতিত্বে একঝাঁক রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও প্রশাসনের
কর্মকর্তার উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ রূপ নেয় এক মিলনমেলায়। খেলায়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উওর জেলা বিএনপির সাবেক সিনিয়র
সহ-সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন মোল্লা,
বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক
মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক
কামাল উদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস, সজল খান, নজরুল ইসলাম,
কুমিল্লা উঃ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
পুরো
আয়োজনটি সফল করতে মাঠের আনাচ-কানাচে অক্লান্ত পরিশ্রম করতে দেখা যায় ভূতাইল
সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠনের সভাপতি আকতার হোসেন ও সাধারণ
সম্পাদক এটিএম আবুল বাশারকে।
উদ্বোধনী ম্যাচের প্রথম বাঁশি বাজার পর
থেকেই মাঠের দখল চলে যায় বাঙ্গরা বাজার থানার সাহেদাগোপ ফুটবল টিমের
অনুকূলে। প্রতিপক্ষ দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ একাডেমী দল মাঠের নিয়ন্ত্রণ
নেওয়ার চেষ্টা করলেও সাহেদাগোপের আক্রমণ ভাগের গতির কাছে তারা বারবার খেই
হারিয়ে ফেলে।
আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ একাডেমীকে ৩-০ গোলের বড় ব্যবধানে ধসিয়ে দিয়ে
টুর্নামেন্টের শুভ সূচনা করে সাহেদাগোপ ফুটবল টিম। রেফারির শেষ বাঁশি বাজার
সাথে সাথেই গ্যালারিজুড়ে উল্লাসে ফেটে পড়েন বিজয়ী দলের সমর্থকরা।
প্রবাসীদের
অর্থায়ন ও পরিকল্পনায় আয়োজিত এই টুর্নামেন্ট কেবলই বিনোদন নয়, বরং গ্রামীণ
জনপদে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার একটি
সামাজিক আন্দোলন।
