কুমিল্লার
কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে
দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ,
মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
রোববার (২৮ জুন) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ইথানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ
সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামিম আহমেদ,
নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।
পরিদর্শনকালে
এমপি মনিরুল হক চৌধুরী ইথানের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন। পাশাপাশি
ইথানের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার
আশ্বাস দেন। এ সময় তিনি ইথানের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।
পরিদর্শন
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল হক চৌধুরী বলেন, মাদক শুধু
কুমিল্লার নয়, এটি আজ সারাদেশের একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
মাদক কারবারিদের গুলিতে একজন স্কুল ছাত্র মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটি
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যতই প্রভাবশালী হোক, তাদের সমূলে
নির্মূল করতে হবে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব,
পুলিশের ডিআইজি, কুমিল্লার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে
নিয়মিত যোগাযোগ রাখছি। কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠকে
দ্রুত মাদকের আখড়া উচ্ছেদ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনার নির্দেশনা
দিয়েছি।
তিনি আরও বলেন, সম্প্রতি সদর দক্ষিণের লালমতিতে মাদক কারবারি
মিলনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কাটাবিল এলাকাতেও
অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের
গ্রেপ্তার ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা
বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলেই
একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
