কুমিল্লার
গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের কার্যকর অভিযান দাবি
করে লংমার্চের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক
চৌধুরী। তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে গোলাবাড়িকে
কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? সেখানে এখন পর্যন্ত কোনো মূল অপরাধীকে
গ্রেপ্তার করা হয়নি। কাউকে অসন্তুষ্ট হওয়ার আশঙ্কায় আইন প্রয়োগে পিছিয়ে
থাকার সুযোগ নেই।
প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে জনগণকে
সঙ্গে নিয়ে তিনি নিজেই আন্দোলনে নামবেন। এমনকি সরকার এ বিষয়ে কার্যকর
পদক্ষেপ না নিলে সংসদ সদস্যের পদ ছেড়ে দেওয়ার কথাও জানান তিনি।
শুক্রবার
(২৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের
অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের
উদ্দেশে তিনি বলেন, গোলাবাড়ির শীর্ষ অপরাধীদের তালিকা প্রস্তুত করুন। ডিসি
সাহেব, এসপি সাহেব আপনারা যদি ব্যবস্থা নিতে পারেন, নিন। আর যদি না পারেন,
তাহলে পরবর্তী দায়িত্ব আমি নেব। প্রয়োজন হলে ১০ হাজার মানুষকে সঙ্গে নিয়ে
গোলাবাড়িতে লংমার্চ করব। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা
হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে আমি সংসদ
সদস্য পদ থেকে পদত্যাগ করব।
কুমিল্লা জেলা প্রশাসক ম্.ু রেজা হাসানের
সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের
সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক
নজরুল ইসলাম, কুমিল্লার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু,
অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর
দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
