কুমিল্লার
নাঙ্গলকোটে ওয়াইফাই বিল দিতে বিলম্ব করায় জাহেরা বেগম (৪০) ও রাহেলা বেগম
(৪৫) নামে দুই নারী গ্রাহককে মারধর এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ
উঠেছে আজগর মিয়া নামে এক বিল আদায়কারীর বিরুদ্ধে । এই ঘটনায় ভুক্তভোগী
নারীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের সুয়া মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা
যায়,শনিবার দুপুরে আজগর মিয়া বিল আদায় করতে দক্ষিণ শ্রীহাস্য গ্রামের
মুন্সি বাড়িতে যায়। জাহেরা ও রাহেলা নামের ওই দুই গ্রাহক বিল দিতে বিলম্ব
করায় প্রথমে তাদের ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে। পরে গ্রাহকরা অভিযোগ নিয়ে
ওয়াইফাই ব্যবসায়ি আলমগীরের বাড়িতে গেলে সেখানে তাদেরকে মারধর ও হেনস্তার পর
গুরুতরভাবে আহত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ
করেন তারা।
অভিযোগের বিষয় জানতে আজগর মিয়ার বাড়িতে গেলে সাংবাদিকদের
উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তাকে বারবার মোবাইল-ফোনে কল দিয়ে
যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ওয়াইফাই
ব্যবসায়ী (সংযোগদাতা) আলমগীরের স্ত্রী পারভীন বেগম বলেন, আজগর মহিলাদের চুল
চেপে ধরে মারধর করে এবং তারাও আজগরকে মারধরের চেষ্টা করে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন,অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
