নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় হাম উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশুর
মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম
আইসোলেশন ইউনিটে এ শিশুটি মারা যায়। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বিষয়টি
নিশ্চিত করেছেন। মারা যাওয়া সামিয়া আক্তার জেলার দেবিদ্বার উপজেলার
ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।
কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিয়া মনজুর আহমেদ
জানান, শিশুটির ৫-৬ দিন জ্বরে আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় তাকে বুধবার
দুপুর ১২ টা ৩৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে
বিকাল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
প্রফেসর ডা.
মিয়া মনজুর আহমেদ আরো বলেন, আমরা বারবার অনুরোধ করছি আপনাদের কারো শিশুর
ন্যূনতম উপসর্গ থাকলেও চিকিৎসকের কাছে নিয়ে আসুন। না হয় শেষ মুহূর্তে
হাসপাতালে এসেও দুর্ভাগ্য বরণ করে নিতে হবে। যেকোনো ধরনের উপসর্গ হলেই
নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চিকিৎসকের শরণাপন্ন হন।
কুমিল্লা
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি
বছরে সামিয়াসহ এ পর্যন্ত ১০ জনের হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়েছে
মৃত্যু হয়েছে এক জনের এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯ জনের।
