কুমিল্লার
দাউদকান্দিতে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে।
সোমবার (১৮ মে) ভিডিওটির সুনির্দিষ্ট সময় নিশ্চিত করা না
গেলেও সুস্পষ্ট বুঝা যায় ওই স্থানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী
লেন দাউদকান্দির দৌলতপুর-টামটা এলাকা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
প্রকাশিত ভিডিওতে কিছু সংখ্যক যুবককে মিছিল করতে দেখা যায়। মিছিলে
কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি
কামরুল হাসান তুষার, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপন ও রবিনকে দেখা যায়।
ভিডিওটি
“বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে।
এছাড়াও কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর–এর
ফেসবুক আইডি থেকেও ভিডিওটি শেয়ার দেওয়া হয়। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা
সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারও ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ
বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো
বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিডিওটির সত্যতা ও
মিছিলের স্থান শনাক্তে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, ভিডিওটি ঘিরে
রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। সচেতন মহল বলছে, জনমনে বিভ্রান্তি
এড়াতে ঘটনার প্রকৃত তথ্য দ্রুত যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট
বক্তব্য দেওয়া প্রয়োজন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
আব্দুল বারি জানান, আমি শুনেছি ফেসবুকে একটি মিছিলের ভিডিও ছাড়া হয়েছে।
তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। মিছিলকারীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া
হচ্ছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
