তানভীর দিপু।। নীলফামারী জেলার জলঢাকা এলাকার বাসিন্দা মেরাজ। কুমিল্লা নগরীর একটি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রির কাজ করেন। ঈদের ছুটি পেয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বাসস্ট্যান্ডে।
আহসান পরিবহনের যাত্রী মেজার হুসাইন জানালেন কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকা যেতে আসতে সব মিলিয়ে খরচ হবে ৩৬০০ টাকা। তার মধ্যে ১৫ শ' টাকা করে যাওয়া আসার ভাড়া ৩ হাজার টাকা। অন্যান্য আরো আনুষাঙ্গিক খরচ ৫ শ থেকে ৬ শ টাকা। যেখানে কাজ করেন তার দৈনিক মজুরি ৬শ টাকা, সে হিসাবে তার ঈদে বাড়িতে যাওয়া আসার খরচ বাবদ ৬ দিনের মজুরি খরচ হবে।
মেরাজ বলেন, তাও বাড়ি যাবার আনন্দ অন্যরকম। টাকার কথা চিন্তা করলে বাড়ি গিয়ে ঈদ করা হবে না। মা বাবা ভাই বোনের সাথে ঈদ করার আনন্দ টাকায় কেনা যাবে না।
তবে ঈদের সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে। সাধারণ সময়ে রংপুর নীলফামারী যেতে যেখানে ৭০০ থেকে ৮০০ টাকা খরচ হয়, ঈদের বাজারে তা হয়ে যায় দ্বিগুণ।
আহসান পরিবহনের বাস চালক আমিনুল ইসলাম বলেন, সাধারণ সময়ে আমাদের ভাড়া ১২শ থেকে ১৩শ টাকা হলেও আমরা ৭শ থেকে ৮ শ' টাকার উপরে কাউকে নিতে পারি না। কারণ আমাদের বাসগুলোতে উত্তরবঙ্গে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ চলাচল করে। এছাড়া ঈদের সময় ঢাকা থেকে বাসের চাহিদা বেশি থাকে বিধায় - অনেকবার কুমিল্লা থেকে না গিয়ে ঢাকা থেকেই ফিরে যায়। তাই যাত্রীদের চাহিদা পূরণ করতে অন্য কোন ট্রান্সপোর্ট থেকে বাস ভাড়া করে এনে চালাতে হয়। দিতে হয় বেশি খরচও। তাই যাত্রীদের কাছ থেকেও ভাড়া নেয়া হয় বেশি।
৫ জুন থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মহা সড়কে যাত্রীদের চাপ বেড়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। তবে যাত্রীরা বলছে, মহাসড়কে কোথাও কোন যানজটের মুখোমুখি হতে হয়নি তাদের। কিন্তু বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের সংকট রয়েছে বলে জানান তারা।
এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটার অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিভিন্নস্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। এছাড়া যানজট এড়াতে সড়কের ১২ টি স্থানে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সড়কের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে দুপুরে দাউদকান্দিতে উপস্থিত হন র্যাব- ১১ এর অধিনায়ক- লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ঈদের আগে, ঈদের দিন এবং তারপরের দিনগুলোতে আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমাদের সাধারণ টহল কার্যক্রমের পাশাপাশি, গোয়েন্দা নজরদারিও রয়েছে মহাসড়কে। কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কিংবা যাত্রীবাহী যানবাহনে ছিনতাই ও ডাকাতি রোদে মহাসড়কের র্যাব সদস্য সচেষ্ট থাকবে।