নারায়ণগঞ্জে
আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ
ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; যারা সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস্য
বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীর।
এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা থেকে চুরি হওয়া গাড়িটিসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে জেলা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
গ্রেপ্তাররা হলেন- মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)।
পুলিশ
সুপার বলেন, সোমবার মোহাম্মদ আরিফ তার ব্যবহৃত ২০০৬ মডেলের টয়োটা এক্স
করোলা গাড়িটি নতুন জজ কোর্ট সংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। ফিরে
এসে গাড়িটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে
ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে
ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে নাঙ্গলকোট এলাকায় অভিযান
চালিয়ে মোমিনুর রহমান ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
মিজানুর
রহমান মুন্সি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও
মাদক মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য বলে প্রাথমিক
তদন্তে জানা গেছে। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায়
নিয়ে বিক্রি করত।
এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
