আন্তর্জাতিক
মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা
জামায়াত, যুব বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে
বর্ণাঢ্য র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ এবং গোমতী নদীতে দেশীয় মাছের পোনা
অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টার
দিকে দেবিদ্বার উপজেলা পরিষদ গেইট থেকে র্যালিটি শুরু হয়ে দেবিদ্বার
পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে
গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ
প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং
সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ
গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। র্যালি
ও বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের
সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী
সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির
অধ্যাপক শহীদুল ইসলাম এবং দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদাউস আহমেদ,
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. নুরুল হুদা, মাওলানা ওবায়দুল্লাহ
মাহমুদ, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মু.জাকির হোসেন ও মো. বিল্লাল
হোসেন।
উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস. এম. আব্দুল আলিম এবং পৌর যুব
বিভাগের সেক্রেটারি মামুনুর রশিদের যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন
দেবিদ্বার উপজেলা যুব বিভাগের সভাপতি মু.শরীফুল ইসলাম সরকার। সমাবেশ শেষে
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোমতী নদীতে
বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় জামায়াতে
ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব বিভাগের সদস্য এবং স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
