নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম
উপজেলার কালিকাপুর ও লালবাগ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অপর
তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন; জেলার মুরাদনগর থানার রাজনগর গ্রামের
মনজুরুল ইসলামের ছেলে খলিলুর রহমান মেম্বার, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার
রুস্তমপুর গ্রামের মোঃ শহীদুল্লাহর ছেলে আরিফ হোসেন ও ভোলা জেলার
চরফ্যাশনের ওসমানগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সিয়াম।
শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
পুলিশ
জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চৌদ্দগ্রামের
কালিকাপুর এলাকায় শুক্রবার রাতে একটি কাভার্ডভ্যান কোন প্রকার সংকেত
ব্যবহার না করে সড়কের বাঁ পাশে দাড়ানোর চেষ্টা করে। একই সময়ে দ্রুতগতির মাল
বোঝাই একটি ট্রাক অসতর্কতায় দাড়ানোকালে কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা
দেয়। ফলে ট্রাকে থাকা হেলপার মোঃ সিয়ামসহ চারজন আহত ও দুইটি গাড়ির কিছু অংশ
ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণের মধ্যেই দ্রুতগতির অপর একটি কাভার্ডভ্যান
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের পিছনে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন হেলপার
সিয়ামসহ আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও অপর আহতদের কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরআগে শুক্রবার দুপুরে মহাসড়কের
লালবাগ এলাকায় লরি ও ট্রাকের সংঘর্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার
রুস্তমপুর গ্রামের মোঃ শহীদুল্লাহর ছেলে আরিফ হোসেন নিহত হয়েছেন।
নিহত
খলিলুর রহমান মেম্বারের ভাতিজা লিটন সরকার বলেন, শুক্রবার সন্ধ্যায় চাচা
খলিলুর রহমান মেম্বার, ফুলমিয়া ও মুসলিম উদ্দিন মুরাদনগর রামচন্দ্রপুর থেকে
খোলা ট্রাকে ধনিয়া ও সরিষা বোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশ্যে
রওনা হয়। পথিমধ্যে রাত ১২টার পরে মহাসড়কের কালিকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায়
ট্রাকের হেলপার সিয়াম নিহত ও চালকসহ গাড়িতে থাকা চারজন আহত হয়। স্থানীয়
লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার শেষে প্রথমে চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান মেম্বারের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম চৌধুরী
বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল
কলেজে প্রেরণ করা হয়েছে। শুনেছি চিকিৎসাধীন অবস্থায় সেখানে একজনের মৃত্যু
হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন,
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা আহতদের উদ্ধার শেষে হাসপাতালে
পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ও নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা
হয়েছে।
