
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গংগানগর গ্রামের বাসিন্দা মো. ওয়াসিম
তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি মাদক মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’
দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি গতকাল শনিবার ৬
জুন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তব্য দিয়েছেন।
লিখিত বক্তব্যে
ওয়াসিম বলেন, তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে শশীদল ইউনিয়নের ৮ নম্বর
ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরে
এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকায় তাঁর
জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিপক্ষের একটি মহল তাঁর বিরুদ্ধে
ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি দাবি করেন, গত ১৭ মে
কুমিল্লার বাগমারা এলাকায় ৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় করা একটি মামলায়
তাঁকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও ওই ঘটনার সঙ্গে তাঁর
কোনো সম্পৃক্ততা নেই। তাঁর ভাষ্য, প্রকৃত আসামিদের আড়াল করতে তাঁকে মামলায়
জড়ানো হয়েছে।
এ ছাড়া গত ২৫ মে শশীদল বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ
গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির সঙ্গেও তাঁর কোনো পরিচয় বা সম্পর্ক নেই বলে
দাবি করেন ওয়াসিম। তিনি বলেন, ওই ব্যক্তিকে তিনি কখনো দেখেননি। তবু তাঁকে
জড়িয়ে এলাকায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে ওয়াসিম অভিযোগ
করেন, একটি কুচক্রী মহল তাঁর রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার
উদ্দেশ্যে তাঁকে হয়রানি করছে। তিনি মোবাইল ফোনের কল রেকর্ড ও টেকনিক্যাল
তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানান।
একই
সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা
অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
করেন তিনি।
