নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার লালমাই ও নাঙ্গলকোট উপজেলার মধ্যবর্তী স্থান
যুক্তিখোলা বাজারে সীমান্ত পৌরসভা করার দাবি তোলা হয়েছে। রবিবার জাতীয়
সংসদের অধিবেশনে দেওয়া এক বক্তব্যে যুক্তিখোলা বাজারকে কেন্দ্র করে একটি
সীমান্ত পৌরসভা প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন কুমিল্লা-১০ (লালমাই ও
নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
বক্তব্যে তিনি বলেন,
যুক্তিখোলা বাজার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, ব্যবসা-বাণিজ্যের
প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে
ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। এ এলাকাকে পৌরসভায় উন্নীত করা হলে
লালমাই ও নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী জনগোষ্ঠী সরাসরি আধুনিক নাগরিক
সুবিধার আওতায় আসবে।
তিনি আরও বলেন, যুক্তিখোলা বাজার পৌরসভায়
রূপান্তরিত হলে দুই উপজেলার নাগরিকদের জীবনমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি
পাবে। পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় অর্থনৈতিক
কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে সুষম আঞ্চলিক উন্নয়নের সুযোগ সৃষ্টি
হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যারও সমাধান সম্ভব হবে।
এমপি
মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, একটি নতুন পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসী
পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, সড়কবাতি, আধুনিক
ড্রেনেজ ব্যবস্থা এবং উন্নত স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন নাগরিক সুবিধা আরও
সহজে পাবে। এছাড়া দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি
জনস্বাস্থ্যের মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
