আলমগীর হোসেন,দাউদকান্দি।।
আসন্ন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা
নিশ্চিত করতে দাউদকান্দি উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা
অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা
কমানো, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা
স্বস্তিদায়ক করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দাউদকান্দি
অংশে যেন দীর্ঘ যানজট সৃষ্টি না হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখা যায়, সে
বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি নাছরীন আক্তার।
রবিবার
(২৪ মে) সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম,
উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার
ইনচার্জ জাকির সিকদার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল
ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এরশাদ হুসাইন, দাউদকান্দি
মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ তানভীর, জেলা ট্রাফিক বিভাগের টিএসআই মোঃ
সুমন, দাউদকান্দি টোলপ্লাজার ইঞ্জিনিয়ার তানভীর হাসান, নিরাপদ সড়ক চাই
(নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ
আবুল হাসান ফারুক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ
সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং নিসচা দাউদকান্দি উপজেলা শাখার অর্থ সম্পাদক
আহনাফ তিহামী।
সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের
চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই আগাম প্রস্তুতি, সমন্বিত তৎপরতা এবং সচেতনতা
বৃদ্ধির মাধ্যমে যানজট ও দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এছাড়া মহাসড়কে অবৈধ
পার্কিং বন্ধ, ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণ এবং দ্রুত দুর্ঘটনা
মোকাবিলায় সংশ্লিষ্ট সকল বিভাগকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সবাই ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
