নিজস্ব
প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা
সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মানববন্ধন করেছে সাধারণ
গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রবিবার সকালে নগরীর
রামঘাটলা এলাকায় ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি
পালন তারা। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ গ্রাহক, ব্যবসায়ী ও সচেতন নাগরিক
অংশগ্রহণ করেন বিক্ষোভ মানববন্ধনে।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একটি সফল ও জনাস্থার
প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে তারা
অভিযোগ করেন। বক্তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং
গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশিষ্ট
ব্যবসায়ী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, তাহমিনা বানু ও শামিমা
নারগী। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন।
বক্তারা আরও বলেন,
ইসলামী মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যেই ইসলামী
ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। দেশের জনগণের আস্থা
অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলেও
তারা অভিযোগ করেন। এ ধরনের চক্রান্ত শুধু একটি ব্যাংকের বিরুদ্ধে নয়, বরং
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ গ্রাহকদের স্বার্থের বিরুদ্ধেও
অবস্থান নেয়।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম
অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা
বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
