শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যান চলাচলে স্বস্তি আসুক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৫১ এএম |

যান চলাচলে স্বস্তি আসুক
যানজট ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোর নিত্যদিনের তীব্র সমস্যা। এই যানজট যেমন জ্বালানি তেল ও কর্মঘণ্টার অপচয় ঘটাচ্ছে, তেমনি বাড়িয়ে চলেছে বিপুল অর্থনৈতিক ক্ষতি। যানজট কেন হয়, এর বহুবিধ কারণ আছে। প্রধানত, ট্রাফিক আইন মেনে না চলা, অপরিকল্পিত রাস্তা, যত্রতত্র পার্কিং, অবৈধ কাউন্টার, অতিরিক্ত রিকশা, ফুটপাত দখল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এর জন্য দায়ী। আজ পর্যন্ত রাজধানী ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনারও আধুনিকীকরণ হয়নি। ঢাকার কোনো কোনো সড়কে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইটের ব্যবস্থা থাকলেও এখনো মান্ধাতা আমলের সেই মনুষ্য নিয়ন্ত্রিত ট্রাফিকব্যবস্থার মাধ্যমে ঢাকার সড়কগুলোর যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পৃথিবীর কোনো দেশে এ রকম ব্যবস্থা আছে বলে আমাদের জানা নেই।
দীর্ঘদিন ধরে ঢাকার অসহনীয় যানজট আলোচনায় থাকলেও সমাধান মেলেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে যানজট নিরসনের বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলেছে। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই যানজট নিরসনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু এখনো তা দৃশ্যমান হয়নি। ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত পুলিশের তৎপরতা বাড়লেও উল্লেখ করার মতো পরিবর্তন আসেনি। যানজট এখনো রাজধানী ঢাকার নাগরিক জীবনের প্রধান সমস্যা।
ইতোমধ্যে এই যানজট কমানো, পথচারীদের চলাচল সুশৃঙ্খল রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর সড়কগুলোতে বসানো হয়েছে আধুনিক ট্রাফিক সিগনাল বাতি। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ঢাকার সাতটি মোড়ে এ রকম ট্রাফিক সিগনাল বাতি বসানো হয়েছে। সেগুলো কাজও করছে, তবে দ্বৈত পদ্ধতিতে। একদিকে এ রকম স্বয়ংক্রিয় সিগনাল বাতি যেমন ব্যবহৃত হচ্ছে, তেমনি ট্রাফিক পুলিশ প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করে যানজট নিয়ন্ত্রণের কাজ করছে। এবার এর সঙ্গে স্থাপন করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ ক্যামেরা। ট্রাফিকব্যবস্থা এখন এই এআই ক্যামেরা দিয়েও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ট্রাফিক আইন না মানলে এআই স্বয়ংক্রিয় মামলা দিচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর ২৫টি পয়েন্টে এই ক্যামেরা বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো হচ্ছে বিজয় সরণি মোড়, গুলশান-১ ও ২, জাহাঙ্গীরগেট, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, হাইকোর্ট ক্রসিং, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ ক্রসিং, পুলিশ ভবন, পুরাতন রমনা থানা ক্রসিং, বাংলামোটর, কারওয়ান বাজার, রামপুরা ট্রাফিক বক্স, মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকা, গাবতলী, শহিদ তাজউদ্দীন আহমদ সরণি। এসব পয়েন্টে ট্রাফিক সিগনাল না মানলেই চালক ও গাড়ির বিরুদ্ধে স্বয়ংক্রিয় মামলা দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ক্যামেরা। এআই ক্যামেরায় ধারণ করা ফুটেজ যাচাই-বাছাই করে ডিএমপির ট্রাফিক টেকনিক্যাল ইউনিট (টিটিইউ) সিগনাল অমান্যকারীদের শনাক্ত করে ডিজিটাল মামলা দিচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ বলছে, এই প্রযুক্তি সবেমাত্র শুরু হয়েছে। এর সুফল পেতে কিছুটা সময় লাগবে। তবে এআই প্রযুক্তির মাধ্যমে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের সিগনাল নিয়ন্ত্রণের চাপ কিছুটা কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে বলে তারা আশা করছে। ইতোমধ্যে সড়কের চেহারা কিছুটা বদলেছে। সড়কে গাড়ির চালকরা জেব্রা ক্রসিংয়ের পেছনে গাড়ি দাঁড় করাচ্ছেন। আগের মতো হুটহাট জেব্রা ক্রসিংয়ের ওপর বা ক্রসিং অতিক্রম করে গাড়ি দাঁড় করাচ্ছেন না। সামগ্রিক বিবেচনায় ট্রাফিক নিয়ন্ত্রণে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরছে বলে মনে করা যেতে পারে। তবে শুধু এ ব্যবস্থার মধ্য দিয়ে যানজট বা সড়কে শৃঙ্খলা ফিরবে না। এর সঙ্গে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনালব্যবস্থাকে যুক্ত করে এই দুইয়ের সমন্বয়ে ট্রাফিকব্যবস্থাকে পুরোপুরি অটোমেশনের দিকে নিয়ে যেতে হবে। ট্রাফিক পুলিশ থাকবে, কিন্তু মূল কাজটি করবে এআই ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল। সেই সঙ্গে অপরিকল্পিত রাস্তা, যত্রতত্র পার্কিং, অবৈধ কাউন্টার, অতিরিক্ত রিকশা, ফুটপাত দখল-এসবও বন্ধ করতে হবে। ঢাকার যানজট কমে নাগরিক জীবনে স্বস্তি আসুক, সড়কে পুরোপুরি শৃঙ্খলা ফিরুক, আমাদের এটাই প্রত্যাশা। এআই সেদিকেই আমাদের একধাপ এগিয়ে দিল। চালক ও গাড়ির মালিকদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। যানজট কমলে ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে চালক এবং গাড়ির মালিকরাই সবচেয়ে বেশি লাভবান হবেন আর ঢাকা হয়ে উঠবে সত্যিকারের আধুনিক রাজধানী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২