নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে তাঁর পথসভাস্থলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সড়কের সৌন্দর্যবর্ধন, ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন দপ্তর মাঠে নেমেছে। সফর উপলক্ষে পুরো কুমিল্লায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর যাওয়ার প্রাক্কালে বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় চলছে জোর প্রস্তুতি। মহাসড়কের বিভাজক, সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। পাশাপাশি সভাস্থল ঘিরে প্যান্ডেল নির্মাণ, মঞ্চ প্রস্তুত এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।বিএনপির নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথবারের মতো কুমিল্লায় আসছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বরণ করে নিতে কুমিল্লার মানুষ সর্বাত্মক প্রস্তুত। কুমিল্লাবাসীর প্রাণের দাবিগুলোও তিনি বাস্তবায়িত করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারেরর মতো কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানে যাওয়ার পথে বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এটি পথসভা হলেও মানুষের উপস্থিতিতে তা জনসভায় রূপ নিবে। সংক্ষিপ্ত এই সফর ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আশাকরি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ৫০ হাজার মানুষের সমাগম হবে। আমাদের নেতা-কর্মীরা বেশ উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লাবাসীর যে প্রত্যাশা রয়েছে- সেগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। তাঁর এই সফরের মধ্য দিয়ে বাকি দাবিগুলোও পূরণ হবে। দলীয়ভাবে আমরা আমাদের প্রস্তুতি শেষ করছি। ইতোমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ে সকল আয়োজন সম্পন্ন হবে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল সশরীরে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
