বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
সুস্থ সমাজ গঠনে জোর দিন
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩৬ এএম |

সুস্থ সমাজ গঠনে জোর দিন
সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা ও নৃশংসতা বাড়ছে। চারদিকে রোমহর্ষক ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিচারহীনতার সংস্কৃতি, পুলিশের গাফিলতি এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় আজ চরম রূপ ধারণ করেছে। কোনো সরকারই এ অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারছে না। আদালতে সাক্ষীর অভাবে অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। গত শুক্রবার রাতে গাজীপুরের কাপাসিয়ায় গৃহবধূ ও তার তিন শিশুকন্যাসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে। দেশে শুধু দু-একটি ঘটনা নয়, রোমহর্ষক এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে। পরকীয়ার জেরে হত্যা করা হচ্ছে স্বামী-স্ত্রী-সন্তানকে। শিক্ষকের কাছে ধর্ষণ ও বলাৎকারের শিকার হচ্ছে সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীরা, চিরকুটে শিক্ষকের নাম লিখে আত্মহত্যা করছে ছাত্রী। সম্পত্তির লোভে ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে। প্রতিবেশীকে ফাঁসাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছে নিজের সন্তানকে। হত্যা ধামাচাপা দিতে টুকরো টুকরো করে লাশ গুম করার চেষ্টা হচ্ছে। এমন বীভৎস হৃদয়বিদারক ঘটনা এখন নিত্যদিনের। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমের সব জায়গায় বিকৃত মানসিকতা আর নৃশংসতার খবরে সয়লাব। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, অপরাধের ধরন আগের চেয়ে অনেক ভয়ংকর এবং নৃশংস হয়ে উঠেছে। এতে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। মানুষের মধ্যে সহনশীলতার অভাব পরিলক্ষিত হচ্ছে। যা সমাজ ও পরিবারের মধ্যে গভীর অস্থিরতা সৃষ্টি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক অশান্তি, পারস্পরিক অবিশ্বাস এবং নৈতিক অবক্ষয়ের কারণে সামাজিক কাঠামো ভেঙে পড়ছে। মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কের চেয়ে ডিজিটাল জগতের ওপর বেশি নির্ভরশীলতা মানুষের পারস্পরিক সম্পর্কের গভীরতা কমিয়ে দিচ্ছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবারে রূপান্তরের ফলে সমস্যা আরও তীব্র হচ্ছে। পরিবার থেকে নৈতিক শিক্ষা না পাওয়া, প্রযুক্তির অপব্যবহার, মাদকের সহজলভ্যতা, অর্থনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্বে পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। একটা শিশুর শৈশব থেকে শুরু করে তার পরিণত বয়সে ব্যক্তিত্ব বিকাশের জায়গায় যদি কোনো অসামঞ্জস্যতা তৈরি হয়, তখনই মানুষের ভেতর একধরনের হিংস্রতা বীভৎসতা তৈরি হতে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পারিবারিক শিক্ষা, মানবিক মূল্যবোধের চর্চা এবং আইনের সঠিক প্রয়োগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতা ও সামাজিক অবক্ষয়ের কারণে ধর্ষণের মতো অপরাধগুলো প্রতিনিয়ত ঘটছে। মানবাধিকার সংস্থা এমএসএফের প্রতিবেদন অনুসারে, গত মার্চ ও এপ্রিলে দেশে ১০২টি ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মার্চে ৪৮টি এবং এপ্রিলে ৫৪টি। দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটে মার্চে ১৫টি এবং এপ্রিলে ১৪টি। ধর্ষণের পর হত্যার ঘটনা মার্চে তিনটি এবং এপ্রিলে দুটি। অনুসন্ধানে দেখা গেছে, বর্তমান সময়ের ধর্ষণ অপরাধীদের একটি বড় অংশ কিশোর এবং তরুণ। বিশেষজ্ঞরা বলছেন, কিশোর গ্যাং কালচার, ইন্টারনেটের সহজলভ্যতা এবং পারিবারিক শিক্ষার অভাব কিশোরদের এই পথে ঠেলে দিচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করলেই চলবে না, বরং এসব অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পৃথিবীর অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, বাংলাদেশে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়নি। যে কারণে প্রতিটি রোমহর্ষক ঘটনার পর কিছুদিন আলোচনা হলেও পরে তা অন্ধকার তিমিরে হারিয়ে যায়।
বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক সহিংসতা রাষ্ট্র ও সমাজের মধ্যে একধরনের অস্থিরতা তৈরি করেছে। এটি এখন নিয়মিত সামাজিক অভিজ্ঞতায় পরিণত হয়েছে। মানুষের মধ্যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনা সহিংসতার মাধ্যমে বেরিয়ে আসছে। সামাজিক হতাশা, মানসিক চাপ, নৈতিক শিক্ষার অভাব এবং কর্মসংস্থানের অভাবে মানুষ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। এগুলো মানবিক সংকটের প্রতিফলন হিসেবে ধরা হয়। এ অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের পাশাপাশি সমাজ ও পরিবারের দায় রয়েছে। সামাজিক সচেতনতা, মানবিক ও নৈতিক  মূল্যবোধের ওপর জোর দিতে হবে। সুস্থ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সর্বোপরি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সহিংসতামুক্ত মানবিক সমাজ গড়ে উঠুক, সেটাই প্রত্যাশা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২