নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার সদর দক্ষিণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের
ছুরিকাঘাতে ফয়সাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বড়ভাই
মোরর্শেদকে (৪০) আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে
সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত
ফয়সাল এবং ঘাতক মোরশেদ আপন ভাই। তারা ওই এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। সদর
দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি
নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বড় ভাই মোরর্শেদের
স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার (১৩ মে) রাতে নাইট শিফটে
কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান তিনি। এসময় বাড়ির পাশের
শিশুদের হই-হুল্লোড়ে স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটছে বলে মোরর্শেদ ঘর থেকে বের
হয়ে শিশুদের বকাবকি করেন।
এসময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে শিশুদের বকা দিতে
নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত হলে
তারা দুজনই বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর দেড়টার দিকে দুই ভাই আবার বাড়িতে
ফিরে এলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোরর্শেদের সঙ্গে
থাকা ছুরি দিয়ে ফয়সলাকে আঘাত করে পালিয়ে যান। মারাত্মক আহত অবস্থায়
ফয়সলাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম বলেন,
ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক বড়ভাই মোরর্শেদকে আটক করে থানায় আনা হয়েছে।
বর্তমানে তিনি হেফাজতে আছেন। ফয়সালের পরিবার শোক কাটিয়ে এজাহার দিলে তাকে
গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
