ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক
কারবারি এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা
হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) রাত থেকে আজ রোববার (২৮ জুন) সকাল পর্যন্ত
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ
সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের
একটি দল শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ এলাকায় অভিযান চালায়। এ সময়
নাগাইশ-বড়ধুশিয়া পাকা রাস্তার ওপর থেকে ২০০ পিস ইয়াবাসহ আশিবুল ইসলাম অন্তর
(২২) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিবুল উপজেলার শিদলাই
ইউনিয়নের শিদলাই গ্রামের (৮নং ওয়ার্ড) কামরুল ইসলামের ছেলে।
পৃথক
আরেকটি অভিযানে আজ রোববার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল ইসলাম
সিদ্দিকী জিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ জসিমকে (২৫)
গ্রেফতার করেন। জসিম উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের আলী আশ্রাফের ছেলে।
এছাড়া
একই দিনে এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে সিআর
মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ সেলিমকে (৩১) গ্রেফতার করা হয়েছে। সেলিম
উপজেলার নাগাইশ গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনি
প্রক্রিয়া শেষে আজ রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে
প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও
জানান তিনি।
