কুমিল্লার
দেবিদ্বারের সাবেক পৌর কাউন্সিলর বাছির উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে
বিমানবন্দর থানা পুলিশ। রবিবার (২৮ জুন) ভোরে দুবাই থেকে দেশে ফেরার পথে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত
করেছেন। গ্রেপ্তার বাছির উদ্দিন দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি পৌরসভার চাঁপানগর
গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন প্রবাসে পলাতক
থাকার পর দেশে ফিরে বিমানবন্দর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
রুবেল হত্যা, ছাব্বির হত্যা ও আবু বক্কর হত্যাচেষ্টা মামলার এজহারনামীয়
আসামি বাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর
এলাকার বারেরা ফুলগাছ তলায় গুলিবিদ্ধ এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান
রুবেলকে হত্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুলছাত্র সাব্বিরকে
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।
দেবিদ্বার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিমানবন্দর থানা পুলিশ
বাছিরকে গ্রেপ্তারের পর আমাদের জানিয়েছে। খবর পেয়ে তাকে আনতে থানা পুলিশ
পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা
রয়েছে।
