ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কেকুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের
অভিযোগে ২০৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।সোমবার সকালে সদর দক্ষিণ মডেল থানার
এসআই আহসান হাবীব বাদী হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে
সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা
আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার ৪৮ নেতা-কর্মীকে
কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
এর
আগে রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার
মাটিয়ারা এলাকায় ঝটিকা মিছিল থেকে ৪৫ জনকে আটক করে পুলিশ। এরপর বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক
ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী হিসেবে পরিচয় দেন বলে
জানিয়েছে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
রকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের
কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার
করতে পুলিশের অভিযান চলছে।
