
লিবিয়া থেকে অনিয়মিতভাবে অবস্থানরত ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
দেশটির বেনগাজী থেকে আজ সোমবার (২৫ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।
ফেরত
আসা এসব বাংলাদেশি নাগরিক লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। সমুদ্রপথে
অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় তারা লিবিয়ায়
প্রবেশ করেছিলেন বলে জানা যায়। তাদের অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের
শিকার হন বলেও অভিযোগ রয়েছে।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস,
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার
(আইওএম) সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়।
ফ্লাইটটি ঢাকায় পৌঁছালে
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা
প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের
অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়।
আন্তর্জাতিক
অভিবাসন সংস্থা প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথখরচ, খাদ্যসামগ্রী,
প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।
সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ জানায়, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি
নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত
বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং
আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমন্বিতভাবে
কাজ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
