
চোট,
অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার অসম লড়াই আর মাঠের বাইরের হাজারও গুঞ্জন
কবর দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে প্রত্যাবর্তন ঘটেছে নেইমার জুনিয়রের।
বুধবার সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত
দলে সবচেয়ে বড় চমক-সান্তোস ফরোয়ার্ডের অন্তর্ভুক্তি।
২০২৩ সালে উরুগুয়ের
বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর
থেকেই দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। চোট আর ম্যাচ ফিটনেসের
ঘাটতির কারণে তাকে বিবেচনায় রাখেননি কোচ। তবে সব দুঃখ মুছে ২০১৪, ২০১৮ এবং
২০২২ বিশ্বকাপের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল)।
নেইমারের
দারুণ এই প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মজাই করেছে বিশ্ব
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা। ব্রাজিলিয়ান এই পোস্টার বয়ের একটি
ছবি পোস্ট করে ফিফা বাংলায় লিখেছে, ‘কী প্রতিপক্ষ, রাগ করলা?’ আর ক্যাপশনে
লিখেছে, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।’ সেইসঙ্গে ব্রাজিলের পতাকার
পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে ভালোবাসার ইমোজি।
মূলত, ‘রাগ করলা’ কথাটি
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ট্রেন্ডে রয়েছে। বাংলাদেশের
এক অভিনেতার এই সংলাপটি নেটিজেনদের মুখে মুখে ফিরছে। আর সেই ভাইরাল সংলাপই
এবার জায়গা করে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার
অফিশিয়াল ফেসবুক পেজেও।
