নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লাবাসীর দীর্ঘদিনের সুপেয় বা নিরাপদ পানি সরবরাহ করা এবং
পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার প্রত্যাশা পূরণে কুমিল্লা ওয়াসা (ওয়াটার সাপ্লাই
অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে দ্রুত
সময়ের মধ্যে ঢাকা ওয়াসা থেকে একজন অভিজ্ঞ প্রকৌশলীকে ডেপুটেশনে এনে
কুমিল্লা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার
সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
বুধবার (১৪মে) স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত
এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় এ সভায় উপস্থিত
ছিলেন কুমিল্লা-৬সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার
বিভাগের সচিব শহিদুল হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ
মোল্লা টিপু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল
আউয়ালসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন,
কুমিল্লার ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে আধুনিক ও টেকসই
পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে ওয়াসা গঠন সময়োপযোগী পদক্ষেপ।
এদিকে নগরবাসীরা প্রত্যাশা কুমিল্লা ওয়াসা'র কার্যক্রম শুরু হলে নগরবাসী নিরাপদ ও উন্নত পানি সেবা পাবেন।
সভা
শেষে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন,
পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে কুমিল্লা
ওয়াসা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই সবকিছু
মন্ত্রণালয় ওয়াসার পক্ষ থেকে একজন এমডি নিয়োগের মাধ্যমে ওয়াসার কার্যক্রম
শুরু হবে।
বিশেষ বরাদ্দের বিষয়ে জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন,
জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। তবে কত টাকা বরাদ্দ দেওয়া হবে, সে
সিদ্ধান্ত মন্ত্রণালয় ও ওয়াসা কর্তৃপক্ষ নেবে।
তিনি আরও বলেন, কুমিল্লা
ওয়াসার কার্যক্রম শুরু হলে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন
সমস্যা এবং সুপেয় পানির সংকট অনেকটাই দূর হবে। এছাড়া চাঁদপুর থেকে
চট্টগ্রাম পর্যন্ত চলমান সারফেস ওয়াটার সরবরাহ প্রকল্প চালু হলে সেখান
থেকেও কুমিল্লা ওয়াসাকে পানি সরবরাহ করবে সরকার।
