
কুমিল্লার বরুড়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল থেকেই উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে মূল কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণিল বৈশাখী র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, থানা ভারপ্রাপ্ত তদন্ত সঞ্জয় সরকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক মাসুদ মজুমদার, ইকরাম, আজিজ, সেলিম, ছফি উল্লাহ, সুজন, জসিম প্রমুখ। ইউএনও বলেন, “পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই উৎসব আমাদের পুরাতন জীর্ণতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেয়।”উৎসবকে ঘিরে উপজেলা চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
