
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরি মামলার মূল আসামিসহ
তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫
মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার
পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং দেবিদ্বার সার্কেলের সহকারী
পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে
এসআই আল-আমিন ও এএসআই মো. ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
অভিযানে
গাড়ি চুরি মামলার এজাহারভুক্ত মূল আসামি মো. শুক্কুর মিয়া পারভেজ (২০)কে
গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা এলাকার বাসিন্দা।
এছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়া (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জিআর-১৮৬/২৫ নম্বর মামলা রয়েছে।
অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জালাল উদ্দিন (৩৫)কে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার সিদলাই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
