নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি
পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এক বর্ণাঢ্য
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায়
কুমিল্লা টাউন হল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সিলভার
ডেভেলপারস লিমিটেড, দৈনিক কুমিল্লার কাগজ ও বিবেক এর যৌথ এ আয়োজনে কুমিল্লা
শিক্ষা বোর্ড অধীনস্ত প্রায় আড়াই হাজার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে
সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী,
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক
মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলভার ডেভেলপার্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ।
দৈনিক
কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম জানান, ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও
এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫
অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা
জোগাতে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, কৃতী
শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান। সংবর্ধনা শেষে জনপ্রিয় অ্যাশেজ
ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যা উপস্থিত
দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের
সাফল্যকে উদযাপন করতেই এই বৃহৎ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থী,
অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
