নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে এককভাবে
প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরুর
ঘোষণা দিয়েছেন এনসিপির একক প্রার্থী জাতীয় যুব শক্তির আহবায়ক অ্যাডভোকেট
তারিকুল ইসলাম। সোমবার বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময় তাঁর
সাথে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ নির্বাচনী এলাকা
থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ এমপি
বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ যেভাবে এনসিপি প্রার্থীদের
উপর আস্থা রেখেছে আমরা আশা করছি স্থানীয় সরকার নির্বাচনেও তারা এনসিপির
প্রার্থীদেরকেই বেছে নেবেন। এ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা সিটি
কর্পোরেশন নির্বাচনে এনসিপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন
এবং কুমিল্লা নগরীর মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারবেন।
জোটের
বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত জানিয়ে এনসিপির মেয়র
প্রার্থী এ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, আমরা ৫ টি সিটি করপোরেশনে একক
প্রার্থী ঘোষনা করেছি। অনেক আগেই এসব নাম ঘোষনা করেছি- কারণ আমরা চাই
স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বীতা এবং জয়ের জন্য প্রস্তত
নিতে।
এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক
সম্পাদক মোঃ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয়
ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগর প্রধান
সমন্বয়কারী সিরাজুল হকসহ অন্যান্যরা।
