রণবীর ঘোষ কিংকর ।।
সকল
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও
গণভোটের ভোট গ্রহণ। আজ সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ন্যায় কুমিল্লা-৭
চান্দিনা আসনের ১০৫টি কেন্দ্রে একযোগে ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ওই
আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী প্রবীণ রাজনৈতিক নেতা সাবেক
প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর সাথে ভোটের চ্যালেঞ্জে রয়েছে কলস প্রতীকে
বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তরুণ রাজনৈতিক নেতা আতিকুল আলম শাওন।
প্রতিদ্বন্দ্বি পাঁচ প্রার্থীর মধ্যে ওই দুই প্রার্থীকে হেভিওয়েট হিসেবে
দেখছেন ভোটার সমর্থকতরা। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ২০২ বর্গ
কিলোমিটারের চান্দিনা উপজেলার প্রায় ৩ লাখ ৩০ হাজার ভোটার আজ নির্ধারণ
করবেন তাদের যোগ্য নেতৃত্বদানকারী সংসদ সদস্যকে।
অবাধ-সুষ্ঠু ও
শান্তিপূর্ণ ভোটের মাঠ নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রতিটি
কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ৯৪টি কেন্দ্রে আইন-শৃঙ্খলা
বাহিনীর সাথে থাকবে বডি ফিটিং ক্যামেরা। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা
বাহনীর টহল টিমের পাশাপাশি ৫টি ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে কাজ করবে।
ড.
রেদোয়ান আহমেদ এই আসন থেকে এর আগে ৬ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪
বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অপর দিকে শাওন এই প্রথম কোন
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে অন্য প্রার্থীরা
হলেন- ১১ দলীয় জোট প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকের মাওলানা সোলাইমান খাঁন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাত পাখা প্রতীকের মাওলানা এহতেশামুল হক
কাসেমী এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী ছড়ি প্রতীকের সজল কুমার
কর।
এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৬১জন, নারী ভোটার ১লাখ ৫৯
হাজার ৭৯৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন। মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার
১৬৬ জন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০৫টি ভোট কেন্দ্রে বৃহস্পতিবার
ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী
চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে ভোটকেন্দ্র গুলোতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ
নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসারগণ স্ব-স্ব
ভোটকেন্দ্রের সরঞ্জাম সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গ্রহণ
করেছেন।
ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা জোরদার করতে প্রশাসনে ব্যাপক
তৎপরতা লক্ষ্য করা গেছে। ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এর সদস্যরা নির্বাচনে নিরাপত্তা
ব্যবস্থা জোরদারে কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য
কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকছেন।
এব্যাপারে কুমিল্লা-৭ (চান্দিনা)
আসনের সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ
আশরাফুল হক বলেন, ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্রকে অধিক
গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য
সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা
লাগানো হয়েছে। আমরা আশাকরছি শান্তিপূর্ণ ভাবে ভোটাররা নিজেদের ভোটাধিকার
প্রয়োগ করতে পারবেন।
