বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১:০৪ এএম |


ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লানিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক টানটান উত্তেজনা আর টানা ২০ দিনের প্রচার-প্রচারণা শেষে অবশেষে হাজির হলো বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতন্ত্রের অভিযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক রচনার দিন আজ। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। যা এই দিনটিকে দিয়েছে ভিন্নমাত্রার গুরুত্ব। একটি নির্বাচিত সরকার গঠন, পছন্দের প্রার্থীকে বিজয়ী করা এবং নিজের নাগরিক অধিকার প্রয়োগের প্রত্যাশায় কুমিল্লার প্রায় অর্ধকোটি ভোটার বহুদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ার আশায় অনেকের চোখে ছিল স্বপ্ন, মনে ছিল প্রত্যাশা আর উচ্ছ্বাস। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশের মতো কুমিল্লার ১১টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী উত্তাপ পেরিয়ে আজ ভোটারদের সামনে উৎসবমুখর পরিবেশে নিজেদের রায় দেওয়ার পালা। জেলার ১৭টি উপজেলার আওতাধীন ১১টি আসনের ১ হাজার ৪৯১টি কেন্দ্রে নারী-পুরুষ, তরুণ-প্রবীণসহ নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী মাঠে জামায়াত, বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ ভোটারদের রায়ে। নির্বাচনকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি সদস্যসহ গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরা। মোট ২৬ হাজার ৩৩৪ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, জেলায় ৩ হাজার ৯৭৯ জন পুলিশ সদস্যের পাশাপাশি ২ হাজার ৪০ জন সেনাবাহিনী সদস্য, ৪০০ জন বিজিবি সদস্য এবং ১৯ হাজার ৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। 
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, অতীতের যেকোনো দুর্নাম ঘুচিয়ে জনগণের আস্থা অর্জনের এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দায়িত্ব পালনকালে সকল পুলিশ সদস্যকে বডি ওর্ন ক্যামেরা সচল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো অভিযোগ বা অনুযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 
এদিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনী এলাকাগুলোকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটের দিনও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন দলবেঁধে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অনেক মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি, তাই এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
ভোটকেন্দ্রে প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
এদিকে প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণা শেষ করে এখন ভোটারদের রায়ের অপেক্ষায় রয়েছেন। জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তরুণ ভোটার থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য ফলাফল আসবে। আজকের এই নির্বাচন কুমিল্লাবাসীর জন্য শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এক তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটারদের অংশগ্রহণই এ নির্বাচনের সাফল্য নির্ধারণ করবে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের তৎপরতায় কুমিল্লা প্রস্তুত বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২