নিজস্ব
প্রতিবেদক।। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে
বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল
স্টাফ কর্নেল কে এম মেহেদী হাসান। তিনি বলেন, ভোটাররা যেন কোনো ধরনের
ভয়ভীতি পরিবেশ ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার
প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সকল নিরাপত্তা
ব্যবস্থা গ্রহণ করেছে।
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
কর্নেল
মেহেদী হাসান বলেন, অসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক
নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। নির্বাচনকে
সামনে রেখে ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,
নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান আরও
জোরদার করা হয়েছে।
ডিভিশন সূত্রে জানা গেছে, চলমান অভিযানে ইতোমধ্যে
বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং
জননিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিস্থিতির
গুরুত্ব বিবেচনায় আগামী ১০ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া
জেলায় বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করা হবে বলেও জানানো হয়।
সংবাদ
সম্মেলনে আরও বলা হয়, যেকোনো পরিস্থিতিতেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। ভোটাররা
যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে
সেনাবাহিনীর সকল ইউনিট মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
এ
সময় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা
কামনা করা হয় এবং দেশবাসীকে আশ্বস্ত করা হয় যে, সেনাবাহিনী সর্বোচ্চ
পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
