মাঝে
১৩ দিন বিরতির পর ফের মাঠে গড়াল উইমেন’স ফুটবল লিগ। শিরোপা প্রত্যাশী তিন
দল বাংলাদেশ সেনাবাহিনী, রাজশাহী স্টার্স ও ফরাশগঞ্জ পেল প্রত্যাশিত জয়।
লিগ নিষ্পত্তির লড়াই গড়াল শেষ রাউন্ডে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ
সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার নাসরিন একাডেমিকে ১৮-০ গোলের
বন্যায় ভাসিয়ে দেয় সেনাবাহিনী। সুলতানা একাই ছড়ান ৯ গোলের আলো। এছাড়া
হ্যাটট্রিক করেন বৃষ্টি খাতুন। জোড়া গোল উন্নতি খাতুন ও তনিমা বিশ্বাসের,
এক গোল হালিমা খাতুনের। অন্যটি আত্মঘাতী।
দিনের দ্বিতীয় ম্যাচে,
সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী
স্টার্স। নেপালের পোখারায় অনুষ্ঠিত সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে
সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হওয়া আলপি আক্তার দেশে ফিরেও করেছেন
হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি ও মুনকি আক্তার একবার
করে পেয়েছেন জালের দেখা। অন্য গোলটি আত্মঘাতী।
তৃতীয় ম্যাচে সিরাজ স্মৃতি সংসদকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
আর চতুর্থ ম্যাচে স্বস্তির জয় পায় ফরাশগঞ্জ এফসি; জমজমাট লড়াইয়ের পর বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
শুরুতে
দুই গোল করে জয়ের দারুণ আশা জাগায় পুলিশ। ২৪তম মিনিটে আইরিন খাতুন সফল
স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পর, ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন
সাগরিকা।
ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে, দ্বিতীয়ার্ধে তিন গোল করে
ফরাশগঞ্জ। ৫২তম মিনিটে মারিয়া মান্দা ব্যবধান কমানোর পর, ৬৫তম মিনিটে
শামসুন্নাহার জুনিয়র সমতা ফেরান। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ম্যাচের ভাগ্য
গড়ে দেন শামসুন্নাহার সিনিয়র।
ফরাশগঞ্জের জয়ে শিরোপার জন্য ত্রিমুখী
লড়াই জমে উঠেছে দারুণভাবে। নবম রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে
ঋতুপর্ণা-আফঈদাদের রাজশাহী। ২৪ করে পয়েন্ট সুলতানা-উন্নতিদের সেনাবাহিনী ও
মারিয়া-শামসুন্নাহারদের ফরাশগঞ্জের।
শুক্রবার লিগের দশম ও শেষ রাউন্ডে
মুখোমুখি হবে রাজশাহী ও সেনাবাহিনী। ফরাশগঞ্জ খেলবে আনসার ও ভিডিপির
বিপক্ষে। এই রাউন্ডে হার এড়াতে পারলেই রাজশাহী জিতবে শিরোপা।
তবে সেনাবাহিনী ও ফরাশগঞ্জ জিতলে তিন দলের পয়েন্ট হবে সমান ২৭ করে। সেক্ষেত্রে তিন দলের মধ্যে প্লে-অফে নিষ্পত্তি হবে লিগ শিরোপার।
