সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরের পানিতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাদাপাথর এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানিয়েছেন।
নিখোঁজ চিকিৎসক সুব্রত সাহা বিকাশ (৩৩) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।
পুলিশ
জানায়, চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের সাদাপাথরে দেখতে এসেছিলেন তারা।
সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তিনজন।
নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান
তারা। এ সময় অন্য দুজন সাঁতরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে
তলিয়ে যান।
সন্ধ্যার দিকে ওসি সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস
স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে চেষ্টা করেছেন। তবে সন্ধ্যা হয়ে যাওয়াতে
বর্তমানে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।
বিকালে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে।
