নিজস্ব
প্রতিবেদক: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কুমিল্লা সিটি
কর্পোরেশনের উদ্যোগে সোমবার (২৯ জুন) নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ মশক নিধন
অভিযান পরিচালনা করা হয়েছে। এদিন ২১ ও ২২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন
গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় একযোগে এ কার্যক্রম
পরিচালিত হয়।
কুসিক সূত্রে জানা যায়, ২১ নম্বর ওয়ার্ডে শিক্ষাবোর্ড মডেল
সরকারি কলেজ থেকে রাস্তার দুই পাশ হয়ে গোবিন্দপুর চৌমুহনী, সেখান থেকে
রাস্তার দক্ষিণ পাশ দিয়ে রেলগেট ও আশপাশের গলি, শাকতলা পশ্চিমপাড়া এবং
গোবিন্দপুর চৌমুহনী থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ সার্ভে
ইনস্টিটিউট হয়ে টমছমব্রিজ পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা
হয়।
২২ নম্বর ওয়ার্ডে উত্তর রামপুর পূর্বপাড়া, মজুমদার বাড়ি, উত্তর
রামপুর ছয়বাড়ি থেকে লাকসাম রোডের উভয় পাশ, আবদুর রহমান সিএনজি স্টেশন রোড
এবং এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ
সরকারি প্রতিষ্ঠান ও জনসেবামূলক এলাকাগুলোর মধ্যে ফরিদা বিদ্যায়তন সরকারি
প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, সিভিল সার্জন কার্যালয় ও সরকারি
বাসভবন, কুমিল্লা সদর হাসপাতাল, মুরাদপুর বেড়া মসজিদ সড়ক এবং কুমিল্লা সিটি
কর্পোরেশনের প্রশাসকের সরকারি বাসভবন এলাকায়ও মশক নিধন কার্যক্রম
পরিচালিত হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, বর্ষা মৌসুমে
ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নগরজুড়ে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা
করা হচ্ছে। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশে
কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সচেতন থাকার আহ্বান জানানো
হয়েছে।
কুসিকের পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা ও নিয়মিত মশক নিধন
কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ লক্ষ্যে
নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
