নাঙ্গলকোট
প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল পদুয়ারপাড় এলাকায় সোমবার সকালে
খালের পানিতে এক যুবকের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এ খবর এলাকায়
ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক মানুষ মৃতদেহটি এক নজর দেখতে ভিড় করে। পরে
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী পদুয়ারপাড়
গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিন জানান, সকালে হাঁটতে বের হয়ে স্থানীয়
আব্দুল্লাহ নামে এক ব্যক্তি কবরস্থানের পাশের খালে কিছু ভাসতে দেখে। কাছে
গিয়ে সেটি মানুষের মরদেহ বুঝতে পেরে তিনি লোকজনকে বিষয়টি জানান। পরে
এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে
গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিবস্ত্র অবস্থায় খালে ভাসছিল। তাদের
ধারণা, নিহত ব্যক্তি স্থানীয় নন; কারণ এলাকায় এ ধরনের কোনো নিখোঁজের ঘটনা
জানা নেই।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, উদ্ধার
হওয়া মরদেহটি একজন পুরুষের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য
মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের
প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
