
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রথমে তিনি একান্ত বৈঠক করেন, এরপর তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ-সংক্রান্ত দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক-আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় হয়। আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার আবার উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
দুই দেশের সম্পর্ক জোরদারে শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমি-কন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা ও জনযোগাযোগের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী ও অংশীদার। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশি কর্মীদের জন্য ফের মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রত্যাশা ব্যাপকভাবে বেড়েছে। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ব্যবসায়ী, বিনিয়োগকারী, রপ্তানিকারক, প্রবাসী বাংলাদেশি, অর্থনীতির বিশ্লেষকসহ অনেকে।
অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দূর করতে হলে দেশটিতে রপ্তানি বাড়াতে হবে। বিশেষভাবে শ্রমশক্তি রপ্তানিতে সব প্রতিবন্ধকতা দূর করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বহুদিনের আলোচিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রীর এ সফর সফল হলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে বলে আশা করছেন তারা। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে বিদ্যমান সব বাধা দূর করতে হবে। হালাল অর্থনীতিতে বৈশ্বিক বাজারে অন্যতম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ার অবস্থান রয়েছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বাজারে হালাল খাদ্য, মাংস এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বাড়াতে উদ্যোগ নিতে হবে। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে মালয়েশিয়ায় বিশাল হালাল বাজারের অংশীদার হওয়ার সুযোগ আছে। মালয়েশিয়া খুব স্বল্প সময়ের মধ্যে কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। এ ক্ষেত্রে উন্নয়ন, দক্ষ জনশক্তি এবং অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী মালয়েশিয়ায় কর্মরত। তাদের পাঠানো আয় এ দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে। নতুন সরকারের কাছে শ্রমবাজার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। তাই মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত হবে। দুই দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং আমদানি-রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
