
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। এ অবস্থায় অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে গতি না এলে আগামী অর্থবছরের জন্য প্রাক্কলন জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। বৈশ্বিক সংকটে ও উত্তরাধিকার সূত্রে নির্বাচিত সরকার শিল্প-বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্যে কতটা গতি আনতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশ হওয়ার কথা থাকলেও আছে ৮ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া অর্থনীতিতে একধরনের টানাপোড়েন চলছে। দেশে সরকারি-বেসরকারি বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। রপ্তানি আয়েও নিম্নমুখী প্রভাব লক্ষণীয়। গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত মে মাসে। অন্তর্বর্তী সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছিল। অবশ্য বিশ্বব্যাংকের ধারণা-এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশের কম। এমনকি বৈশ্বিক অচলাবস্থা এবং ইরান-ইসরায়েল ও আমেরিকার সংঘাতের ফলে আগামী বছরও বিশ্ব অর্থনীতি ধীরগতিতে চলমান থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।
দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিবেদনে দেখা যায়, বিশ্বব্যাংক রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যবসার উচ্চ খরচকে বিনিয়োগ মন্থরতার কারণ হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন প্রকল্পের ব্যয় এবং মূলধনি যন্ত্রপাতির আমদানি হ্রাস পেয়েছে। শিল্প খাতে নতুন বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়ছে না। উচ্চ সুদের হার ও ঋণপ্রাপ্তির জটিলতা বিনিয়োগকে নিরুৎসাহিত করছে, জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। মূল্যস্ফীতির চাপ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে–মূল্যস্ফীতি ডাবল ডিজিট থেকে কমলেও এখনো উচ্চপর্যায়ে রয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগের গতিকে বাধাগ্রস্ত করছে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের উচ্চমূল্য আমাদের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, আয়-ব্যয়ের যে বরাদ্দ ধরা হয়েছে, তা যদি ৭০-৮০ শতাংশ অর্জিত হয়, তাহলে জিডিপির প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জন অসম্ভব হবে না। তবে সেটা কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য বাজেটের পাশাপাশি শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে রাখা, করকাঠামো সহজীকরণ; ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস; নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও রপ্তানি বহুমুখীকরণের বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে সংকট চলছে। এমন প্রেক্ষাপটেও বাংলাদেশের নতুন সরকার উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের এক উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। আগামীতে শিল্প-বিনিয়োগ-কর আদায় বাড়াতে পারলে এ প্রাক্কলন অর্জন সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে এসব বাড়বে, এমন আশা করা সাহসের বিষয়। তবে বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন আছে।
সরকার আগামী অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। এটি একটি ইতিবাচক ও উচ্চাভিলাষী লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য শুধু বাজেট ঘোষণাই যথেষ্ট নয়, বরং সঠিকভাবে কার্যকর নীতি বাস্তবায়ন করতে হবে। তাই বর্তমান অর্থনৈতিক বাস্তবতার বিষয়টি মাথায় রেখে সরকারকে এ লক্ষ্য অর্জনে নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।
