একসময়
যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত
পরিবেশ, স্লোগান আর রাজনৈতিক কর্মসূচিতে সরগরম থাকত চারপাশ, আজ সেখানে শুধু
নীরবতা। কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়জুড়ে যেন এক অদ্ভুত
শূন্যতা। দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও দেখা গেল না সেই চিরচেনা
প্রাণচাঞ্চল্য।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে
অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে চোখে পড়ে এক
বিষণ্ন দৃশ্য। বিশাল ভবনটি দাঁড়িয়ে আছে নীরবে, যেন অতীতের ব্যস্ত দিনগুলোর
স্মৃতি আঁকড়ে ধরে। কার্যালয়ের সামনে নেই নেতাকর্মীদের ভিড়, নেই কোনো উৎসবের
আমেজ। মাঝে মধ্যে কিছু পথচারী এসে পাশের চায়ের দোকানে বসছেন, চা পান
করছেন, সিগারেট টানছেন, আবার চলে যাচ্ছেন।
কার্যালয়ের এক কোণে ছোট্ট
একটি চায়ের দোকান চালান আবু তাহের। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, গত চার
মাস ধরে এখানে বসেই জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন সংরাইশ এলাকা থেকে এসে
দোকান খুলে বসেন। তিনি বলেন, আগে এখানে মানুষজন প্রস্রাব করতো, দুর্গন্ধে
বসা যেত না। আমি নিজেই জায়গাগুলো পরিষ্কার করেছি, বালু দিয়ে ঢেকে দিয়েছি।
এখন আর কেউ এখানে প্রস্রাব করে না, পরিবেশও অনেকটা ভালো হয়েছে।
আবু
তাহেরের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১০টা এবং সাড়ে ১১টার
দিকে ১৫/২০ জন তরুণের একটি দল দুইবার এসেছিলো। এরপর আর কাউকে এখানে আসতে
দেখা যায়নি।
কার্যালয়ের পূর্ব পাশে সারি করে রাখা ছিল কয়েকটি
সিএনজিচালিত অটোরিকশা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, বর্তমানে
আওয়ামী লীগ কার্যালয়ের সামনের খোলা জায়গাটি সিএনজি চালকদের অস্থায়ী পার্কিং
হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাস্তায় গাড়ি রাখলে যানজট সৃষ্টি হয়, তাই তারা
এখানে গাড়ি রাখেন।
ভবনের নিচতলায় এখনও স্পষ্ট ভাঙচুরের চিহ্ন। দেয়ালে
লেগে আছে আগুনের কালো ধোঁয়ার দাগ। স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট
ক্ষুব্ধ জনতা কার্যালয়টিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় দুই বছর
পরও সেই ক্ষতচিহ্ন মুছে যায়নি। দেয়ালের পোড়া দাগ আর ভাঙা অংশগুলো যেন একটি
উত্তাল সময়ের নীরব সাক্ষ্য বহন করছে।
কুমিল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি:
এদিকে
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার
প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায়
“সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা
দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ
কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কুমিল্লা
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর বিএনপির সাধারণ
সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল,
স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল
সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত
আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতার অপচেষ্টা
চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
জানান তারা। পাশাপাশি দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায়
রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানানো হয়।
