প্রদীপ
মজুমদার : কুমিল্লার লালমাইয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা
ঘটেছে। সোমবার (৮ জুন) ভোর রাতে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া
এডভোকেট আরিফুর রহমান শাহীন এর বাড়িতে তার প্রবাসী ভাইয়ের ঘরে এই চুরির
ঘটনা ঘটেছে। এই চোরের দল ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি
ক্ষতিগ্রস্তদের। ভুক্তভোগী শাহিনুর বেগম এ ঘটনায় লালমাই থানায় লিখিত অভিযোগ
দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহিনুর বেগমের স্বামী মিজানুর
রহমান লিটন সৌদি আরব প্রবাসী। সন্তানদের লেখাপড়ার কারণে তিনি কুমিল্লা শহরে
ভাড়া বাসায় থাকেন। ঈদ উপলক্ষে গত ২৬ মে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের
বাড়িতে আসেন। রোববার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পশ্চিম ভিটায়
অবস্থিত ভবনের বিভিন্ন কক্ষে ঘুমিয়ে পড়েন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে
ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে শাহিনুর বেগমের শাশুড়ি সাহিদা বেগম
একটি কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ঘর তল্লাশি করে
দেখতে পান, সুটকেসের ড্রয়ার খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায়
রয়েছে।
এ সময় ঘরের টেবিলের ওপর রাখা কাপড়ের ব্যাগ থেকে দুটি স্বর্ণের
চেইন, দুই জোড়া কানের দুল, একটি আংটি, একটি স্বর্ণের ব্রেসলেট (ব্যাচলাইট)
এবং একটি ডায়মন্ডের নাকফুলসহ স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ
করা হয়।
প্রবাসীর ভাই কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক
এডভোকেট আরিফুর রহমান শাহীন বলেন, অজ্ঞাতনামা চোরেরা রাতের কোনো এক সময়
রান্নাঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে কৌশলে দরজা খুলে চুরির ঘটনা
ঘটিয়েছে। তিনি বলেন আমাদের এলাকায় প্রায়ই চুরি সংগঠিত হয়। এলাকায় মাদকের
ছড়াছড়ি। এসব বিষয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
এ
বিষয়ে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, চুরির ঘটনায়
ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
