
ফুটবল
ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই অনেক দেখা গেছে।
ব্রাজিল-আর্জেন্টিনা, ইংল্যান্ড-জার্মানি কিংবা এল ক্লাসিকোর রিয়াল-বার্সা।
কিন্তু ফুটবল বিশ্বকাপ কি কখনও এমন ম্যাচ দেখেছে, যেখানে একটি দেশ মাঠে
নেমেছিল নিজেদের বিরুদ্ধে? হ্যাঁ, ফুটবল ইতিহাসে এমন অবিশ্বাস্য ঘটনা
ঘটেছিল ঠিক একবারই। ১৯৭৪ সালের বিশ্বকাপে রাজনৈতিকভাবে বিভক্ত দুটি দল-
পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি মুখোমুখি হয়েছিল ফুটবল মাঠের এক
ঐতিহাসিক মহাযুদ্ধে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিকভাবে জার্মানি
দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে পুঁজিবাদের সমর্থক পশ্চিম জার্মানি, অন্যদিকে
সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্লকের পূর্ব জার্মানি। মাঝখানে ছিল
বার্লিন প্রাচীর। রাজনৈতিক এই চরম উত্তেজনা ফুটবলের মাঠে এসে আছড়ে পড়ে ১৯৭৪
সালের ২২ জুন। কাকতালীয়ভাবে সেই বিশ্বকাপের আয়োজক দেশও ছিল পশ্চিম
জার্মানি। হামবুর্গের ভল্কসপাকস্টাডিউমে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি
হয় এই দুই ভাই!
ম্যাচটিতে ফেভারিট ছিল পশ্চিম জার্মানি। তাদের দলে তখন
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার, পল ব্রেইটনারের মতো বিশ্ব কাঁপানো
তারকারা। অন্যদিকে পূর্ব জার্মানি দলে কোনো বড় বৈশ্বিক সুপারস্টার ছিল না।
রাজনৈতিক কারণে পশ্চিম জার্মানির সাধারণ মানুষ এবং মিডিয়া ধরে নিয়েছিল,
মাঠের লড়াইয়ে তারা পূর্ব জার্মানিকে উড়িয়ে দেবে। কিন্তু মাঠের ভেতরের
গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন।
ম্যাচের শুরু থেকেই পশ্চিম জার্মানির
বিশ্বসেরা আক্রমণভাগকে বোতলবন্দী করে রাখে পূর্ব জার্মানির ডিফেন্ডাররা।
বেকেনবাওয়াররা কিছুতেই ভাঙতে পারছিলেন না প্রতিপক্ষের দেয়াল। ম্যাচের
ঘড়িতে তখন ৭৭ মিনিট।
পুরো স্টেডিয়াম স্তব্ধ করে দিয়ে কাউন্টার অ্যাটাক
থেকে বুক দিয়ে বল রিসিভ করে পশ্চিম জার্মানির তিন ডিফেন্ডারকে পরাস্ত করে
জাল কাঁপান পূর্ব জার্মানির ইয়ুর্গেন স্পারওয়াসার! ১-০ গোলে ম্যাচটি জিতে
নেয় পূর্ব জার্মানি। ফুটবল ইতিহাসে সেটাই ছিল দুই জার্মানির একমাত্র
অফিশিয়াল ম্যাচ।
এই হারের পর পশ্চিম জার্মানির ড্রেসিংরুমে ঝড় বয়ে যায়।
অধিনায়ক বেকেনবাওয়ার মাঝরাতে সতীর্থদের নিয়ে জরুরি বৈঠকে বসেন এবং নিজেদের
ভুলগুলো শুধরে নেওয়ার শপথ নেন।
মজার ব্যাপার হলো, এই হারের ফলে গ্রুপে
রানার্স-আপ হয়ে পশ্চিম জার্মানি নকআউটে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়ে। এরপর
তারা ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ায় এবং ফাইনালে ইয়োহান ক্রুইফের টোটাল
ফুটবলের নেদারল্যান্ডসকে হারিয়ে ১৯৭৪ সালের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে।
১৯৯০
সালে বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার পর দুই জার্মানি আবার এক হয়ে যায়। ফলে
ফুটবল ইতিহাসে আর কখনোই এই দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি। ১৯৭৪ সালের
হামবুর্গের সেই ৯০ মিনিট তাই ফুটবল ইতিহাসের পাতায় এমন এক অনন্য অধ্যায়,
যেখানে ভাই লড়েছিল ভাইয়ের বিরুদ্ধে, জার্মানি লড়েছিল জার্মানির বিপক্ষে!