নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল
পরিবর্তনে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের দাবি জানিয়েছেন
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম। রবিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ
কিন্তু সংকীর্ণ সড়ককে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় এনে প্রশস্ত ও
আধুনিকীকরণের প্রস্তাব করেন তিনি।
এমপি আবুল কালাম বলেন, মনোহরগঞ্জে
কার্যকর ও মানসম্মত সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় অনুপস্থিত। এলজিইডির অধীনে
থাকা অধিকাংশ সড়কের প্রস্থ মাত্র ৮ থেকে ১২ ফুট। বিশেষ করে মনোহরগঞ্জ
উপজেলা সদর থেকে লাকসাম, খিলা ও শান্তিরহাট পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ সড়ক
বর্তমান চাহিদার তুলনায় অত্যন্ত সরু। প্রতিটি সড়কের দৈর্ঘ্য প্রায় ৯
কিলোমিটার। এসব সড়ককে সওজ বা যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় এনে উন্নয়ন করা
হলে উপজেলার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।
তিনি আরও বলেন, সড়ক অবকাঠামোর
উন্নয়ন হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়বে,
ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার বিকাশ ত্বরান্বিত হবে এবং সামগ্রিক
অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। উন্নত যোগাযোগ ব্যবস্থা উপজেলার
অর্থনৈতিক সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।
এমপি আবুল কালাম বলেন,
বর্তমানে মনোহরগঞ্জে জমি ও সম্পত্তির মূল্য তুলনামূলক কম। তবে লাকসাম, খিলা
ও শান্তিরহাট সড়কের উন্নয়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, বাজার
সম্প্রসারিত হবে এবং জমির মূল্যও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
