
কুমিল্লা
সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু কুমিল্লাবাসীকে আশ্বস্ত
করে বলেছেন, কুমিল্লা শহরের কোথাও কোনো অবৈধ হকার থাকতে দেওয়া হবে না।
শুক্রবার (৬ জুন) মহানগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজার মেগা র্যাফেল ড্র ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি
বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা চালিয়ে
যাচ্ছেন। তবে এতদিন সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায়
কার্যক্রমে কিছুটা সীমাবদ্ধতা ছিল। ইতোমধ্যে সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেট
পেয়েছে এবং তিনি গত বৃহস্পতিবার (৪ জুন) যোগদান করেছেন। খুব শিগগিরই তিনি
পূর্ণাঙ্গভাবে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু করবেন।
প্রশাসক বলেন,
“আমি কুমিল্লাবাসীকে কথা দিচ্ছি, শুধু শাসনগাছা থেকে পুলিশ লাইন নয়,
কুমিল্লা শহরের কোথাও কোনো অবৈধ হকার থাকবে না। আমরা কুমিল্লাকে একটি গ্রিন
অ্যান্ড ক্লিন সিটিতে রূপান্তর করতে চাই।” তিনি জানান, দায়িত্ব দেওয়ার সময়
মাননীয় প্রধানমন্ত্রী দেশের সব সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী
হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পদক্ষেপের
কথা উল্লেখ করে তিনি বলেন, গত বছর ডেঙ্গুতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এ
বছর ডেঙ্গুর প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন
কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেকেই ইতোমধ্যে জানিয়েছেন, মশার উপদ্রব আগের
তুলনায় কমে গেছে। তিনি বলেন, “মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিদিন
চলবে। যতদিন না নগরীকে একটি পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে পারি, ততদিন এ
কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নগর উন্নয়নে কিছু বড় প্রকল্প
হাতে নেওয়া হয়েছে। সার্কিট হাউস মোড় থেকে লিবার্টি মোড়, কান্দিরপাড় পূবালী
চত্বর হয়ে বাদুরতলা পার্ক পর্যন্ত সড়ককে একটি মডেল রোডে পরিণত করার
পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা চলতি মাসেই হাতে
আসবে এবং তা প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
বিনোদন
সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্রের অভাব
রয়েছে। তাই নদীপাড়ে উন্নত বিশ্বের আদলে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক
নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের নতুন ভবন
নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এ প্রকল্প নিয়ে কিছু ষড়যন্ত্র
হচ্ছে বলে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।
প্রয়োজনে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান।
উল্লেখ্য,
বৃহত্তর কুমিল্লার সর্বপ্রথম নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত অভিজাত শপিং মল
‘ইস্টার্ন ইয়াকুব প্লাজা’র মেগা র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন
ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচার এবং দর্শক, ক্রেতা, অতিথি ও
সংবাদকর্মীদের উপস্থিতিতে মার্কেটের সামনে আয়োজিত ড্রয়ের মাধ্যমে ১০১ জন
বিজয়ী নির্বাচন করা হয়।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে
ব্যবসা পরিচালনা করে আসছে ইস্টার্ন ইয়াকুব প্লাজা। ক্রেতাদের আকৃষ্ট করতে
অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও এই মেগা র্যাফেল ড্র’র আয়োজন করা হয়।
ইস্টার্ন
ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন স্কুলের
সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার,
ইস্টার্ন ইয়াকুব প্লাজার সাবেক সভাপতি ও উপদেষ্টা আলহাজ শাহ মো. আলমগীর
খান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. নূরে আলম ভূঁইয়া এবং
দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান।এছাড়া উপদেষ্টা সাজেদুল
ইসলাম শাহ আলম, মো. মিজানুর রহমান ও সুজিত চন্দ্র দাস বাবুলসহ মার্কেটের
ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সাংবাদিক মো. এমদাদুল হক সোহাগ এবং
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।র্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে
‘হিরো ১৬০ সিসি থ্রিলার’ মোটরসাইকেল জিতেছেন কুপন নম্বর ১৫৬৫৩-এর সামাদ।
দ্বিতীয় পুরস্কার ‘হিরো ১২৫ সিসি এক্সট্রিম’ মোটরসাইকেল পেয়েছেন কুপন নম্বর
১৪১৪৫৮-এর রিদোয়ান। তৃতীয় পুরস্কার ‘১২৫ সিসি মোটরসাইকেল’ পেয়েছেন কুপন
নম্বর ১৫৪৭০৫-এর তনুজা। চতুর্থ পুরস্কার ‘১০২ সিসি প্লেজার স্কুটি’ জিতেছেন
কুপন নম্বর ৩১২২৫-এর রৌশন আরা এবং পঞ্চম পুরস্কার ‘১০২ সিসি প্লেজার
স্কুটি’ পেয়েছেন কুপন নম্বর ১৬৩২১০-এর ‘মা’।অন্য সকল বিজয়ীর নাম,ফোন নম্বর ও
কুপন নম্বর মার্কেটের নোটিশ বোর্ড, দৈনিক কুমিল্লার কাগজ, ইস্টার্ন
প্লাজার ফেসবুক পেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিজয়ীদের
মার্কেটের অফিস কক্ষে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে
কর্তৃপক্ষ।
