জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান
কাটতে গিয়ে বজ্রাঘাতে মজনু মিয়া (২২) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে
উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য।
জানা
গেছে, শুক্রবার সকালে মজনু মিয়া তার বাড়ির পাশে ক্ষেতে ধান কাটতে যান।
দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রাঘাত শুরু হয়। এ সময় বজ্রাঘা ঘটনাস্থলেই তার
মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মজনু
মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে
যায়। যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে
এসে শুনি আমার ছেলে মারা গেছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম
সদস্য সচিব লুৎফর রহমান বলেন, মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির
সক্রিয় সদস্য ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, ভদ্র ও অমায়িক একজন ছেলে। আমি
মাদারগঞ্জ উপজেলায় যতবার গিয়েছি, প্রায় প্রতিবারই তার সঙ্গে দেখা হয়েছে।
এমন একটি শান্ত, ভদ্র ও সম্ভাবনাময় ছেলের মর্মান্তিক মৃত্যু সত্যিই মেনে
নেওয়া কঠিন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ এখনও উদ্ধার করে থানায় আনা হয়নি। এ
বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
