
কুমিল্লার মাঠে শিরোপা নির্ধারণী লড়াইয়ে ঢাকা আবাহনীকে হারিয়ে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের মুকুট নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লা ভেন্যুতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীকে ২-০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে কিংস।
এই ম্যাচকে ঘিরে কুমিল্লা স্টেডিয়ামে ছিল বাড়তি উত্তেজনা। আবাহনীর হোম ভেন্যু হলেও মাঠজুড়ে ছিল দুই দলের সমর্থকদের সরব উপস্থিতি। শিরোপা ধরে রাখতে জয়ের বিকল্প ছিল না ঢাকা আবাহনী’র সামনে। অন্যদিকে জয় পেলেই উৎসব শুরু হতো কিংস শিবিরে। শেষ পর্যন্ত সেই হাসি ফুটেছে বসুন্ধরা কিংসের মুখেই।
ম্যাচের শুরুতে আবাহনী আক্রমণাত্মক ফুটবল খেললেও কাঙ্ক্ষিত গোল পায়নি। প্রথমার্ধে মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে পেনাল্টি মিস করলে হতাশ হয় স্বাগতিকরা। অন্যদিকে কিংসও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বসুন্ধরা কিংস। ৭২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আবাহনীর খেলোয়াড়রা আপত্তি তুললেও সিদ্ধান্ত বহাল থাকে। এরপর স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েল্টন।
গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বিপদে পড়ে আবাহনী। চার মিনিটের ব্যবধানে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। তার জোরালো শটে পরাস্ত হন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা।
শেষ দিকে আবাহনী কয়েকটি আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি। ফলে কুমিল্লার মাঠেই শিরোপা পুনরুদ্ধারের উৎসবে মাতে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ও সমর্থকরা।
১৭ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট দাঁড়ায় ৩৮। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৪ পয়েন্ট। শেষ ম্যাচে হারলেও কিংসকে আর টপকাতে পারবে না আবাহনী।
২০১৮ সালে দেশের শীর্ষ ফুটবলে অভিষেকের পর থেকে আধিপত্য ধরে রাখা বসুন্ধরা কিংস করোনাকালে পরিত্যক্ত মৌসুম বাদে টানা পাঁচবার লিগ জিতেছিল। গত মৌসুমে ঢাকা মোহামেডান শিরোপা জিতলেও এক মৌসুম পর আবারও ট্রফি নিজেদের ঘরে তুলল কিংস। এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর সর্বোচ্চ ছয়বারের শিরোপার রেকর্ডেও ভাগ বসাল বসুন্ধরা কিংস।
