২০০৮
সালে বাফুফে সর্বশেষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল। ঐ টুর্নামেন্টে
ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর বাফুফে আর ফুটসাল টুর্নামেন্ট
আয়োজন করেনি। ১৮ বছর পর আবার আগামীকাল থেকে শুরু হচ্ছে ফুটসাল প্রতিযোগিতা।
এবার নারী ও পুরুষ উভয় বিভাগে হবে লিগ। পুরুষদের একবার হলেও এবারই প্রথম
নারী ফুটসাল লিগ আয়োজন করছে বাফুফে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর
স্টেডিয়ামে পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে ১১টি করে দল। প্রতি দল দুই পর্ব
মিলিয়ে বিশটি করে ম্যাচ খেলবে। আগামীকাল থেকে খেলা শুরু হয়ে দশ দিন চলবে।
এর পর ঈদ ও বিশ্বকাপের জন্য মাঝে দেড় মাসের বিরতি পড়বে। বাফুফের একটি পক্ষ
চেয়েছিল একেবারে বিশ্বকাপের পর থেকেই খেলা শুরু করতে। তবে ফুটসাল কমিটির
চেয়ারম্যান বিশ্বকাপের আগেই খেলা শুরু করতে মরিয়া ছিলেন।
ফুটসাল লিগের
প্রথম আসরে অংশ নিতে যাওয়া দলগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী, আনসার,
বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস
ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন
এফসি। প্রতিটি দলেরই নারী-পুরুষ দুই দল রয়েছে। জাতীয় ফুটবল দলের সাবেক
অধিনায়ক সাবিনা খাতুন আইএম টেনের হয়ে খেলছেন। তিনি বলেন, 'প্রথমবারের মতো
নারী ফুটসাল আয়োজন হচ্ছে এটি দারুণ ব্যাপার। আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছি।
ঘরোয়া পর্যায়ে নিয়মিত খেলা হলে এশিয়ান পর্যায়েও খেলা সম্ভব।'
সাবিনা
খাতুনের পাশাপাশি আইএম টেন দলে রয়েছে কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, সুমাইয়া
মাতশুসিমার মতো জাতীয় তারকা খেলোয়াড়। এরা অনেকেই আবার ভুটান লিগে খেলবেন।
যেটা জুনের পর দ্বিতীয় লেগ শুরু হবে। একই সঙ্গে দুই ক্লাবে রেজিস্ট্রেশন ও
দুই লিগ খেলা নিয়ে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরান বলেন, 'ভুটানের ক্লাবের
ছাড়পত্র নিয়েই খেলছে এখানে। ঐ লিগ আবার যখন শুরু হবে প্রয়োজনে সমন্বয় করে
নেয়া হবে। আমাদের লিগেও দ্বিতীয় লেগে খেলোয়াড় পরিবর্তন করা যাবে।'
