
১৯
মে মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা
মোহামেডানের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। মোহামেডান ক্লাব বাফুফেকে চিঠি দিয়ে
ফাইনালের ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে।
মোহামেডানের ম্যানেজার
ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, 'আমরা ফাইনালে ভেন্যু পরিবর্তন চাই। কিংস
অ্যারেনার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছি।
এতে উভয় দলের জন্য সমান ন্যয্যতা হবে।'
ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস
অ্যারেনা ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
কোয়ালিফায়ার, এলিমিনেশন ও ফাইনাল কোন ভেন্যুতে হবে সেটা লটারিতে নির্ধারিত
হয়েছে। এতে ফাইনাল কিংস অ্যারেনায় পড়েছে এবং বসুন্ধরা কিংসও ফাইনালে উঠেছে।
দু'টিই কাকতালীয়। এরপরও মোহামেডানের ভেন্যু পরিবর্তনের দাবির কারণ
ব্যাখ্যা করে নকীব বলেন, 'টুর্নামেন্ট দুই ভেন্যুতে হলেও লিগ গাজীপুর,
মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে হচ্ছে। ঐ তিন ভেন্যুর যে কোনো একটিতে ফাইনাল হোক।
যা দুই দলের জন্যই নিরপেক্ষ থাকবে। কুমিল্লা আমাদের ভেন্যু আমরা তো চাই না
কুমিল্লায় হোক আবার কিংস অ্যারেনা তাদের হোম।'
মোহামেডান ও বসুন্ধরা
কিংসের মধ্যে মাঠের বাইরের লড়াইটা ভালোই জমে। এক মৌসুম আগে চ্যালেঞ্জ কাপে
কিংস অ্যারেনায় মোহামেডান স্মোক ফ্লেয়ারের শিকার হয়েছিল।এতে খেলা অনেকক্ষণ
বন্ধ ছিল। মোহামেডান ছন্দ হারিয়ে ম্যাচে পরাজিত হয়েছিল। এরপর থেকে
মোহামেডান কিংস অ্যারেনায় কিংসের বিপক্ষে খেলতে না যাওয়া নিয়ে প্রবল আপত্তি
করেছে। যদিও লিগের নিয়মানুুযায়ী হোম অ্যান্ড অ্যাওয়েতে মোহামেডানকে কিংস
অ্যারেনায় গিয়ে খেলতেই হয়েছে। মোহামেডানের ভেন্যু পরিবর্তনের চিঠি ফাইনালের
আগে খানিকটা উত্তাপ তৈরি করেছে।
লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র
সহ-সভাপতি ইমরুল হাসান। তিনি আবার বসুন্ধরা কিংসের সভাপতি। কাজী সালাউদ্দিন
তার চতুর্থ মেয়াদের শেষ দেড় বছর ইমরুল হাসানকে লিগ কমিটির চেয়ারম্যান করে
স্বার্থের সংঘাত তৈরি করেছিলেন। তাবিথ আউয়ালও সালাউদ্দিনের পথেই হেঁটেছেন।
ইমরুল হাসানকে ঐ পদেই বহাল রেখেছেন। লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির
হোসেন চৌধুরি। তিনি সম্প্রতি মোহামেডান ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন।
